পঞ্চগড়–১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা চতুর্থ দিনের মতো প্রচারণা চালিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন তিনি।
প্রচারণায় অংশ নিয়ে সারজিস আলম বলেন, এবার নির্বাচনে প্রচলিত ‘হেভিওয়েট’ ভাবনার পরিবর্তন আসবে। বড় রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ‘ভূমিধস পতন’ দেখতে পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।
তার দাবি, মানুষের ঘরে ঘরে পরিবর্তনের চেতনা পৌঁছে গেছে এবং ভোটাররা জুলুম, চাঁদাবাজি, দখলদারিত্ব, মামলা–বাণিজ্যের বিরুদ্ধে ভোট দিতে প্রস্তুত। তিনি বলেন, “মানুষ শুধু ১২ তারিখের অপেক্ষায় আছে। প্রত্যেকে জুলুমের বিরুদ্ধে ভোট দেবে।”
সারজিস আলম অভিযোগ করেন, যারা গত এক বছর তিন মাস ধরে মানুষকে নির্যাতন করেছে এখন তারা ‘ফেরেশতা সাজার’ চেষ্টা করছে। তবে মানুষ ভোট দিতে গিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে বলে তার ধারণা।
তিনি বলেন, পঞ্চগড়–১ নয়, পুরো বাংলাদেশে ‘ইনসাফের পক্ষে ও সাধারণ মানুষের পক্ষে’ ১০ দলীয় ঐক্যবদ্ধ জোট বিজয়ী হবে এবং সরকার গঠন করবে।
এ সময় তিনি হুমকির অভিযোগও তোলেন। দাবি করেন, বিএনপির কিছু নেতাকর্মী স্থানীয় পর্যায়ে ভোটারদের হুমকি দিচ্ছে। জামায়াতের একজন কর্মী তার কাছে এসে অভিযোগ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। এ ধরনের আচরণের কঠোর সমালোচনা করে সারজিস বলেন, “হুমকি-ধামকি দিয়ে যারা ক্ষমতায় আসতে চায় তাদের পতন শেখ হাসিনার চেয়েও ভয়ংকর হবে।”
গণসংযোগে জোটের নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।