কুমিল্লার চৌদ্দগ্রামে সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের প্রতি ভোরবেলা ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সকালবেলা গেলে হবে না, তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে যাবেন। সবাই মিলে ফজরের জামাত আদায় করবেন। কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, সে জন্য ভোট শেষ না হওয়া পর্যন্ত ব্যালট বাক্স পাহারা দেবেন।”
রোববার রাত ৯টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ৫ আগস্টের পরিবর্তনের পর মানুষ অনেক প্রত্যাশা দেখছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে বিএনপি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তিনি জানান, ক্ষমতায় গেলে পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, বেকার ও তরুণদের প্রশিক্ষণ এবং মসজিদের ইমাম-খতিব- মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি দাবি করেন, বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে এবং সেই অভিজ্ঞতা থেকেই জনগণের জন্য পরিকল্পনা ও বাস্তবায়ন করতে প্রস্তুত। সমালোচনার জবাবে তিনি বলেন, “যারা সমালোচনা করছে তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নেই। আমরা কৃষকদের পাশে দাঁড়াতে চাই। কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজসহ কৃষিসামগ্রী পৌঁছে দেব।”
তারেক রহমান জানান, নির্বাচনে বিজয়ী হলে ১২ ফেব্রুয়ারির পর দেশব্যাপী খাল খনন শুরু করা হবে। চৌদ্দগ্রামে তিনি নিজেই এই কাজের উদ্বোধন করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
বেকার সমস্যা নিয়ে তিনি বলেন, “আমরা প্রশিক্ষণ দিয়ে বেকারদের দেশ-বিদেশে চাকরি পেতে সহায়তা করতে চাই। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভাষা ও কাজভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।”
বিএনপির চেয়ারম্যান বলেন, নির্বাচন সামনে রেখে প্রতিপক্ষকে আক্রমণ করে লাভ নেই। মানুষ জানতে চায়, দেশের জন্য কী করা হবে। তার দাবি, বিএনপি ছাড়া অন্য কোনো দল জনগণের সামনে সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা আমিনুর রশীদ ইয়াছিন, সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা-১১ আসনের প্রার্থী কামরুল হুদা, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও জাতীয় পার্টির (জাফর) নেতা কাজী নাহিদ।