আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের উপকূলীয় ও দায়িত্বপ্রাপ্ত এলাকায় নৌবাহিনী নিরাপত্তা তৎপরতা জোরদার করেছে। মাদক ও অস্ত্র চোরাচালান নিয়ন্ত্রণে টহল ও অভিযান চলছে নিয়মিত। এ ধারাবাহিকতায় টেকনাফ, বরগুনা ও ভোলায় একাধিক অভিযান চালিয়ে বিপুল মাদক, অস্ত্র ও ককটেল উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, শনিবার (২৪ জানুয়ারি) ভোর রাতে টেকনাফ পৌরসভাধীন নাইট্যংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় মাদককারবারি জুনায়েদ ওরফে মুন্না এবং তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহকে আটক করা হয়। পরে তাদের তথ্য অনুযায়ী জুনায়েদের বাড়ি ও একই এলাকার মো. ইউনুসের বাড়ি তল্লাশি করে প্রায় ৬ কোটি টাকার ১২৫০ গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস, ১২৬ পিস ইয়াবা, ১টি এক নলা বন্দুক, ২টি ওয়াকি-টকি, ০৮টি দেশীয় অস্ত্র ও ৪৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। নৌবাহিনী জানায়, এসব মাদক ও অস্ত্র রোহিঙ্গা চক্রের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
এদিকে পৃথক আরেক অভিযানে বরগুনার বামনা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী সালমা পারভীনকে আটক করা হয়। এসময় ইয়াবা, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, মোবাইল ফোন ও নগদ ৬৪ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়। অন্য একটি অভিযানে ভোলার দৌলতখান থেকে ১০টি ককটেল ও ১টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।
নৌবাহিনী জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে নৌবাহিনী উপকূলীয় এলাকা ও দায়িত্বপ্রাপ্ত আট জেলার ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার সদস্য মোতায়েন করেছে। উদ্দেশ্য—নির্বাচনের আগে ও চলাকালে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান, অভ্যন্তরীণ সন্ত্রাস এবং অন্যান্য অপরাধ দমন করে শান্তিপূর্ণ ভোট পরিবেশ নিশ্চিত করা।