কঙ্গো মিশনে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট; প্রথম ধাপে গেলেন ৩৫ জন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ বিমান বাহিনীর এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট কন্টিনজেন্টের নতুন দল কঙ্গোতে যাচ্ছে। মোট ৬২ সদস্যের এই কন্টিনজেন্ট ধাপে ধাপে বর্তমান দলের স্থলাভিষিক্ত হবে।

রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) প্রথম ধাপে বিমান বাহিনীর ৩৫ সদস্য জাতিসংঘের ভাড়াকৃত ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামী ০২ ফেব্রুয়ারি (সোমবার) একই এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে অবশিষ্ট ২৭ সদস্য কঙ্গোর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

নতুন কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ, বিইউপি, পিএসসি। প্রতিস্থাপনের অংশ হিসেবে বর্তমানে কঙ্গোতে অবস্থানরত দল শিগগিরই দেশে ফিরবে।

কঙ্গোতে সংঘাত নিরসন ও মানবিক সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ কারণে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট মহলের আস্থা অর্জন করতে পেরেছেন বলে জানানো হয়।

রওনা হওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে শান্তিরক্ষীদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসিসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন এবং সদস্যদের বিদায় জানান।

এর আগে গত ২০ জানুয়ারি ২০২৬ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি শান্তিরক্ষীদের শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্ব দেন এবং দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। তিনি মিশনের সাফল্যের জন্য বিশেষ মোনাজাতেও অংশ নেন।

সামরিক কূটনীতি ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। বিমান বাহিনীর এ কন্টিনজেন্ট সেই ধারাবাহিকতারই অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *