দৌলতপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার যাত্রা শুরু হয়।

মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূইয়া।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের পিডি রবিউল ইসলাম, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মহসীন আলী, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. ওহিদুজ্জামান এবং দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ। স্বাগত বক্তব্য দেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন।

অনুষ্ঠানের শুরুতে রঙিন র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি অফিস চত্বরে এসে শেষ হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। এ ধরনের কৃষি মেলা কৃষকদের টেকসই কৃষি ব্যবস্থা, উন্নত জাতের ফসল, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং কৃষিযন্ত্র সম্পর্কে বাস্তব ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর বিশ্বাস বলেন, “যশোর অঞ্চলের সাতটি জেলায় বাণিজ্যিক কৃষির ব্যাপক উন্নতি হয়েছে। একই জমিতে একাধিক ফসল চাষ করে কৃষকরা উৎপাদন বাড়াচ্ছেন। এই মেলা থেকে পাওয়া জ্ঞান কাজে লাগিয়ে কৃষকরা আরও লাভবান হবেন।”

মেলায় তিন দিন ধরে কৃষি প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি ও উন্নত জাতের ফসল প্রদর্শনের পাশাপাশি কৃষকদের জন্য পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *