ঢাকায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মূলধারার দক্ষতা উন্নয়ন কার্যক্রমে যুক্ত করতে গবেষণা, সমন্বয় ও অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে বৈঠক হয়েছে। বৃহস্পতিবার এনএসডিএ অফিসে ইউनेস্কো ঢাকা ও ইউএনএফপিএ বাংলাদেশের একটি প্রতিনিধি দল জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাওশার চৌধুরীর সঙ্গে এ আলোচনা করেন। প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন ইউनेস্কো ঢাকার শিক্ষা বিভাগের প্রধান নোরিহিদে ফুরুকাওয়া।
বৈঠকে বাংলাদেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কাঠামোকে আরও কার্যকর ও সমন্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ও বাজারোপযোগী দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও ভবিষ্যৎ প্রস্তুতিতে এগিয়ে নেওয়ার বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। এজন্য গবেষণা, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন, সরকারি সংস্থার সমন্বয় এবং সমাজভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
ইউনেস্কো ও ইউএনএফপিএ কওমি শিক্ষার্থীদের নিয়ে আরও গবেষণা, অংশীদারিত্ব এবং দক্ষতা উন্নয়ন উদ্যোগকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেয়। অপরদিকে এনএসডিএ জাতীয় দক্ষতা উন্নয়নের শীর্ষ সংস্থা হিসেবে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে বড় পরিসরে কমিউনিটি–ভিত্তিক দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে।
বৈঠকে এনএসডিএ’র সদস্য ও পরিচালকসহ ইউনেস্কো ঢাকা ও ইউএনএফপিএ বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।