সারাদেশে নির্বাচনী কার্যক্রমে জামায়াতের মহিলা বিভাগের কর্মীদের হেনস্তা, হামলা ও বাধা দেয়ার অভিযোগ তুলে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ করতে যাচ্ছে দলটি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সম্মেলনে তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় প্রতিবাদ সমাবেশ শুরু হবে। মহিলা বিভাগের উদ্যোগে এই সমাবেশ হতে যাচ্ছে। তাহেরের ভাষ্য, পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, তাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ জানাতে যাচ্ছেন।
তিনি আরও বলেন, সমাবেশের পরও যদি পরিস্থিতির উন্নতি না হয়, তবে মূল দল ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
জামায়াতের নায়েবে আমির অভিযোগ করেন, বিজেপি বিরোধী পক্ষ ভয় পাচ্ছে যে, নারীরা জামায়াতকে ভোট দেবে—এমন আশঙ্কা থেকেই দেশের বিভিন্ন স্থানে তাদের নারী কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। “যারা নারী স্বাধীনতার কথা বলেন তারাই নারীদের পথে নামতে দিচ্ছেন না”—মন্তব্য করেন তিনি।
এছাড়া তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। জোর করে ক্ষমতায় গেলে তার পরিণতি ভালো হয় না—মন্তব্য করেন তাহের।