ভবিষ্যৎ নেতৃত্বকে প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের আহ্বান আইজিপির

জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের পরিচয় দিতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।

২৭ জানুয়ারি মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি ছিল ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত এবং সম্প্রতি যোগদানকারী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের অভ্যর্থনা।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ এখন এক গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকার ও বাহিনী কাজ করছে।

এএসপি প্রবেশনারদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনার পর ন্যায্য অধিকার পুনরুদ্ধার। বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে আপনাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, পূর্বের কর্মক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতাই ভবিষ্যৎ দায়িত্ব পালনে সহায়ক হবে। একই সঙ্গে ডিজিটাল যুগে পুলিশিংয়ের ধরণ বদলেছে। সাইবার অপরাধ বাড়ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত গঠিত হচ্ছে। তাই প্রথাগত প্রয়োগ শক্তির পাশাপাশি দরকার বুদ্ধিমত্তা, প্রযুক্তি এবং বৈশ্বিক প্রবণতা বোঝার ক্ষমতা।

আইজিপি জানান, ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে সততা, পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা এবং বিধি-বিধান মেনে চলা অত্যন্ত জরুরি। তিনি এএসপি প্রবেশনারদের বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের সময় এসব নীতির প্রতি অনুগত থাকার আহ্বান জানান।

২৭তম ব্যাচের ৬০ জন, ২৮তম ব্যাচের এক জন এবং ৪৩তম ব্যাচের ৬ জন এএসপি প্রবেশনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস) মুসলেহ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন পর নিয়োগ লাভ করে নিয়োগ বঞ্চনার অবসান ঘটিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *