নেদারল্যান্ডসের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব থেকে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেদারল্যান্ডসের বিপক্ষে যুক্তরাষ্ট্র হেরে যাওয়ায় সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে টাইগ্রেসরা।

এর আগে বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচ জিতে বাংলাদেশ প্রায় নিশ্চিতভাবেই মূল পর্বের পথে ছিল। তবে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের ম্যাচের ফলের অপেক্ষা ছিল। সেই অপেক্ষার অবসান ঘটে নেদারল্যান্ডসের জয়ে।

২৮ জানুয়ারি (বুধবার) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান তোলে। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেট হারিয়ে করে ৯০ রান। এরপর বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি। ডিএল মেথডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস।

এই জয়ের ফলে নেদারল্যান্ডস ও বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় সমান ৬। এতে করে দু’দলই নিশ্চিত করে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা।

বাছাইপর্ব থেকে বাকি দুই টিকিটের দৌড়ে এগিয়ে আছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। অন্যদিকে এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে।

বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের জায়গা নিশ্চিত হওয়ায় নারী দলের এই সাফল্য দেশের ক্রিকেটে নতুন আশার বার্তা দিচ্ছে। এখন সুপার সিক্সের বাকি ম্যাচগুলোতে আরও ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্য থাকবে টাইগ্রেসদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *