পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় একসঙ্গে কাজ করবে মন্ত্রণালয় ও এসডো

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)।

বুধবার (২৮শে জানুয়ারী) দুপুরে রাজধানীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং এসডোর সভাপতি ও সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মন্ত্রণালয় ও এসডো একসঙ্গে কাজ করবে। এর আওতায় নীতি প্রণয়ন ও কারিগরি সহায়তা প্রদান, আন্তর্জাতিক পর্যায়ে সম্পৃক্ততা বৃদ্ধি, পরিবেশ ও জলবায়ু বিষয়ক গবেষণা পরিচালনা এবং গবেষণালব্ধ জ্ঞান বিনিময়ের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া পরিবেশ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে উভয় পক্ষ সহযোগিতা করবে বলে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সহযোগিতার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নীতিগত ও বাস্তব উদ্যোগ আরও শক্তিশালী হবে। এতে দেশের পরিবেশগত টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এই যৌথ উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *