মাগুরা জেলা মিলনায়তনের নাম পরিবর্তন করে “শহীদ মেহেদী হাসান রাব্বি মিলনায়তন” নামকরণের দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৭শে জানুয়ারী) জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, শহীদ মেহেদী হাসান রাব্বি দেশের গণতান্ত্রিক আন্দোলন ও ন্যায্য দাবির পক্ষে সাহসী ভূমিকা পালন করে আত্মত্যাগ করেছেন। তার এই ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাই তার নামে মাগুরা জেলা মিলনায়তনের নামকরণ করা হলে তা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের একটি দৃষ্টান্ত হবে বলে তারা মনে করেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার সদস্য সচিব মো. হোসাইন বলেন,
“শহীদ রাব্বির আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার নামে জেলা মিলনায়তনের নামকরণ হলে ভবিষ্যৎ প্রজন্ম তার আদর্শ ও সংগ্রামের কথা জানতে পারবে।”
শিক্ষার্থীরা দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করে জানানো হয়, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।