বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ঢাকার করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত। ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড কো-অর্ডিনেশন অফিসের নেতৃত্বে এমিরেটস রেড ক্রিসেন্টের শীতকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১,৫০০টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।
এই সহায়তার মধ্যে ছিল শীত মোকাবিলার প্রয়োজনীয় সামগ্রী। আগুনে ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে যারা খোলা আকাশের নিচে কঠিন সময় পার করছেন, তাদের দুর্ভোগ লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়।
দূতাবাস সূত্র জানায়, মানবিক মূল্যবোধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবেই বাংলাদেশে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে সংযুক্ত আরব আমিরাত। দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো দেশটির দীর্ঘদিনের নীতি।
এমিরেটস রেড ক্রিসেন্টের এই শীতকালীন কর্মসূচি স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছে। উপকারভোগী পরিবারগুলো জানান, এই সহায়তা তাদের জন্য শুধু শীত নিবারণের উপকরণই নয়, বরং কঠিন সময়ে এক ধরনের মানসিক শক্তিও দিয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মানবিক সহযোগিতা ও উন্নয়ন সহায়তা কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলমান রয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটে দেশটি নিয়মিতভাবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।