ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমান বাহিনী সদর দপ্তরে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ বিমান বাহিনী ও চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল (CETC)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ Government-to-Government (G2G) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় দেশে মনুষ্যবিহীন আকাশযান (UAV) উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর (Technology Transfer–TOT) করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা।
চুক্তির মাধ্যমে বাংলাদেশে একটি আধুনিক UAV উৎপাদন ও সংযোজন সুবিধা গড়ে তোলা হবে। এতে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে দীর্ঘমেয়াদে UAV উৎপাদনে বাংলাদেশ স্বনির্ভর হওয়ার পথে এগোবে।
প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন ধরনের Medium Altitude Low Endurance (MALE) UAV এবং Vertical Take-off and Landing (VTOL) UAV উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। একই সঙ্গে এই প্রকল্পের আওতায় বিমান বাহিনীর নিজস্ব নকশার UAV উৎপাদনের সুযোগ তৈরি হবে।
এই ইউএভি শুধু সামরিক কাজে নয়, মানবিক সহায়তা, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। চুক্তির বাস্তবায়নের মাধ্যমে দেশীয় UAV শিল্পের সক্ষমতা বাড়বে এবং ভবিষ্যতে জাতীয় চাহিদার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সরবরাহের সম্ভাবনা তৈরি হবে।
এছাড়া বিশেষায়িত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং দক্ষ অ্যারোস্পেস কর্মশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশের সামগ্রিক প্রযুক্তিগত উন্নয়নেও এই প্রকল্প উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।