শিবালয়ের দাসকান্দি থেকে নয়াকান্দি পর্যন্ত নদী ভাঙন রোধ এবং প্রতিকার চেয়ে এলাকাবাসী বুধবার (২৮ জানুয়ারি) পাটুরিয়া ফেরিঘাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আয়োজন করেছেন।
সকাল সাড়ে ১১টায় পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট থেকে মিছিল শুরু হয়ে আরসিএল চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। সেখানে প্রায় এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন পান্নু খান বলেন, “গত বর্ষা মৌসুমে পাটুরিয়ার সব ফেরিঘাটসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা যমুনা নদীর তীব্র ভাঙনের কবলে পড়ে। ভাঙন ঠেকাতে বাঁশ, কাঠ ও বালুভর্তি বস্তা ফেলে সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও তা কার্যকর হয়নি। এতে অনেক ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। আগামী বর্ষার আগে স্থায়ী ব্যবস্থা না নিলে ফের ভয়াবহ ভাঙনের আশঙ্কা রয়েছে। ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে এবং হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রাক্তন মেম্বার নিহাজ উদ্দিন, সাত্তার মল্লিক, নিজাম তালুকদার, আতোয়ার রহমান, হক মাতাব্বর, নুরুল ইসলাম, মো: বিল্লাল হোসেন, মো: নুরুল ইসলাম তুষার, তাপস খান ও কবির হোসেন প্রমুখ।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এলাকাবাসী পুনরায় ভাঙন ও ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে টেকসই বাঁধ নির্মাণসহ দ্রুত কার্যকর প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।