২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। ছবিটির নির্মাতা খন্দকার সুমন পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম প্রকাশ করে। মোট ২৮টি বিভাগে ৩০ জন চলচ্চিত্রসংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলী এই পুরস্কারে সম্মানিত হচ্ছেন।
চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’-এ অভিনয়ের জন্য আফরান নিশো সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন। আর ‘সাঁতাও’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল।
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন মনির আহম্মেদ শাকিল (সুড়ঙ্গ)। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন নাজিয়া হক অর্ষা (ওরা সাতজন)। সেরা খলচরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন আশীষ খন্দকার। সেরা কৌতুক চরিত্রে অভিনেতা নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম। আর সেরা শিশুশিল্পীর পুরস্কার পাচ্ছেন মো. লিয়ন।
সংগীত বিভাগেও একাধিক উল্লেখযোগ্য নাম উঠে এসেছে। চলচ্চিত্র ‘প্রিয়তমা’-র জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন বালাম। ‘সুড়ঙ্গ’ ছবির গান ‘গোটা পৃথিবীতে খুঁজো, এ গাঁ ছুঁয়ে বলো’-এর জন্য সেরা গায়িকা হয়েছেন অবন্তী দেব সিঁথি।
একই ছবির গান ‘ঈশ্বর’-এর জন্য সেরা গীতিকার নির্বাচিত হয়েছেন সোমেশ্বর অলি এবং সেরা সুরকার হয়েছেন প্রিন্স মাহমুদ।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মাধ্যমে দেশের চলচ্চিত্রশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিল্পী ও কলাকুশলীদের এই সম্মাননা প্রদান করা হচ্ছে। এই স্বীকৃতি নতুন কাজের অনুপ্রেরণা জোগাবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।