ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও দক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাগুরায় ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা।
প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মাগুরা; মহম্মদপুর ও মাগুরা সদর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারবৃন্দ; জেলা নির্বাচন অফিসার, মাগুরা; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং মহম্মদপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রশিক্ষণে ভোটগ্রহণের আইনগত দিক, নির্বাচনী দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নির্বাচনকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কীভাবে দায়িত্ব পালন করতে হবে, সে বিষয়েও আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তারা তাদের দায়িত্ব সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাবেন। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।