জাকির হোসেন
টাঙ্গাইল শহরকে পরিষ্কার, পরিচ্ছন্ন ও ফুটপাত দখলমুক্ত করতে কার্যকর উদ্যোগ নিয়েছেন নবাগত পৌর প্রশাসক (ডিডিএলজি) মাহফুজুল আলম মাসুম। তাঁর নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়কে পরিচ্ছন্নতা অভিযান ও উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, নাগরিক অধিকার সুরক্ষা কমিটি এবং টাঙ্গাইল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা একসঙ্গে কাজ করেন। বেবি স্ট্যান্ড কান্দাপাড়া মোড় থেকে পার্ক বাজার হয়ে বটতলা পর্যন্ত সড়ক পরিষ্কার করা হয়। রাস্তার দুই পাশে জমে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে শহরের চলাচল উপযোগী পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে পৌর প্রশাসকের আহ্বানে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ফুটপাতের ওপর অবৈধ স্থাপনা ও রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের ফুটপাত দখল না করার বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন নবাগত পৌর প্রশাসক মাহফুজুল আলম মাসুম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, যুগ্ম সম্পাদক মেহেদী সাজু, মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল) এবং বিডি ক্লিন টাঙ্গাইলের সদস্য মাহাদিয়া হাসান, ফয়সাল, সিয়াম, সিয়াম আলদিন, রাশেদুল, মামুন, লিজা, বর্ষা, অনামিকা সহ সমাজের বিভিন্ন পর্যায়ের সুধীজন।
এ সময় কর্মকর্তারা বলেন, টাঙ্গাইল শহরের পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা পৌরসভার অন্যতম অগ্রাধিকার। নিয়মিত অভিযান ও জনসচেতনতার মাধ্যমে শহরকে বাসযোগ্য করে গড়ে তোলা হবে। ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা ও উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।
স্বেচ্ছাসেবীরা বলেন, সুচিন্তিত পরামর্শ, দিকনির্দেশনা ও ইতিবাচক অনুপ্রেরণা পেলে পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে। বিডি ক্লিন টাঙ্গাইলের সদস্যরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও যৌথভাবে কাজ করার মাধ্যমে টাঙ্গাইল শহরের পরিবেশ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে চান তারা।