গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তারেক রহমানের

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি—এ কথা জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান জনগণকে ভোটাধিকার প্রয়োগে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, রংপুর হলো আবু সাঈদের পবিত্র রক্তে ভেজা মাটি। আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১ হাজার ৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, সেই ‘জুলাই সনদ’ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে ঐক্য দেখা গেছে, সেটি ধরে রাখতে হবে।

নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ হয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণকে তাদের অধিকার নিয়ে আরও সচেতন হতে হবে। ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

রংপুরের উন্নয়ন নিয়ে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, অনেকেই রংপুরকে গরিব অঞ্চল বলে অবহেলা করে। কিন্তু বাস্তবে এটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। বিএনপি ক্ষমতায় গেলে রংপুরকে নতুন করে সাজানো হবে। এখানে কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে। ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে, যাতে কর্মসংস্থান বাড়ে। পাশাপাশি স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

কৃষক ও নারীদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। কৃষি কার্ড চালু করা হবে এবং অন্তত এক ফসলের জন্য বিনা মূল্যে বীজ ও কীটনাশক দেওয়া হবে। নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করতে চালু করা হবে ‘ফ্যামিলি কার্ড’।

ভাষণের একপর্যায়ে তিনি জনতার দিকে প্রশ্ন ছুঁড়ে দেন—“আমরা আমাদের পরিকল্পনা বললাম, এখন আপনাদের পরিকল্পনা কী?” জবাবে জনতা ‘ধানের শীষ’ স্লোগানে মাঠ মুখরিত করে তোলে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমান সভামঞ্চে পৌঁছান। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী তার বেলা সাড়ে ৪টায় পৌঁছানোর কথা থাকলেও পথে নেতাকর্মীদের অভ্যর্থনায় বিলম্ব হয়। এর আগে সন্ধ্যা ৬টায় তিনি পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিভাগীয় নির্বাচনি জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বেলা ৪টা থেকে জনসভার কার্যক্রম শুরু হয় এবং রংপুর বিভাগের বিভিন্ন আসনের মনোনীত প্রার্থীরা বক্তব্য দেন।

দীর্ঘ দুই দশক পর রংপুরে তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই জনসভাস্থলে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঈদগাঁও মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *