বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস–বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে ফেব্রুয়ারি ২০২৬ মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তা পর্যায়ে তুলনামূলকভাবে সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংযোজিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী প্রতি মাসে প্রান্তিক পর্যায়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম ১২২ টাকা থেকে কমে হয়েছে ১২০ টাকা। পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই নতুন মূল্যহার আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।
জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে মূল্য সমন্বয় হওয়ায় হঠাৎ বড় ধরনের মূল্যবৃদ্ধির ঝুঁকি কমছে। একই সঙ্গে সাধারণ ভোক্তার ওপর চাপ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।