হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ মুন্সিগঞ্জের গজারিয়ার হামদর্দ নগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে। এ সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট ১ হাজার ৭৫৪ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরাই ভবিষ্যতে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সমাজ ও রাষ্ট্র গঠনে তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা, নৈতিকতা ও মূল্যবোধ বড় শক্তি। তিনি গ্রাজুয়েটদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। দেশের দীর্ঘ ইতিহাসে সাফল্যের পাশাপাশি ব্যর্থতার কথাও তুলে ধরে তিনি বলেন, দেশের ভাবমূর্তি উন্নয়নে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
সমাবর্তন বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, একজন গ্রাজুয়েটের সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান পিতামাতা ও অভিভাবকদের। তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকা জরুরি। তিনি বলেন, সামনে পথ সহজ নয়, দক্ষতা দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। একই সঙ্গে সহনশীলতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকিম মো. ইউসুফ হারুন ভূইয়া এবং উপাচার্য অধ্যাপক মো. মনজারুল আলম।
সমাবর্তনে বিশেষ কৃতিত্বের জন্য বিজনেস অনুষদের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো. আশরাফুল হোসেনকে চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়। ফাউন্ডার গোল্ড মেডেল পান অধ্যাপক ড. কামরুন্নাহার হারুন পলিন। এছাড়া বিভিন্ন বিভাগের আটজন গ্রাজুয়েটকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেলে ভূষিত করা হয়।