শাকিলুজ্জামান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি শুধু একটি নির্বাচনের দিন নয়—এটি হতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। সঠিক ব্যক্তির পক্ষে ভোট দিয়ে জনগণই তাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “৫ আগস্টের পরিবর্তন যদি শুধু রাজনৈতিক পরিবর্তনে সীমাবদ্ধ থাকে, তাহলে তা যথেষ্ট নয়। এই পরিবর্তন হতে হবে মানুষের জীবন ও ভাগ্যের পরিবর্তন। একইভাবে ১২ ফেব্রুয়ারিও কেবল নির্বাচনের দিন হলে চলবে না—এ দিনটি হতে হবে জনগণের ভাগ্য বদলের দিন।”
তিনি বলেন, অতীতের সরকার আমলে বড় বড় শহরে মেগা প্রকল্প হয়েছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে হয়েছে মেগা দুর্নীতিও। “আমরা খুন, গুম, গায়েবি মামলা দেখেছি। সীমাহীন দুর্নীতিও দেখেছি। এই অবস্থা থেকে দেশকে বের করে আনতেই পরিবর্তন জরুরি।”
জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “৫ আগস্ট যেভাবে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক সেভাবেই ১২ ফেব্রুয়ারিতে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা না গেলে, আমরা যে গণতন্ত্র গড়তে চাই, তা বাধাগ্রস্ত হবে।”
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। “এই দেশ কীভাবে চলবে, সে সিদ্ধান্ত নেবে জনগণই। এই দেশের প্রকৃত মালিক জনগণ।”
টাঙ্গাইল নিয়ে উন্নয়ন পরিকল্পনা
তার বক্তব্যে টাঙ্গাইলের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন,
- টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও আনারস বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে
- পাটশিল্পের উন্নয়নে মিল কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে
- কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে
- নারীদের জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করা হবে
এ সময় তিনি নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দেওয়ারও নির্দেশনা দেন।
দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইল সফরে আসেন তারেক রহমান। এটি ছিল টাঙ্গাইলে তার প্রথম রাজনৈতিক সফর। এই সফরকে ঘিরে জেলা বিএনপি ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। জনসভাস্থল নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
সভায় আরও বক্তব্য দেন—টাঙ্গাইলের বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২), আহমেদ আযম খান (টাঙ্গাইল-৮), সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫), আবুল কালাম আজাদ সিদ্দিকী (টাঙ্গাইল-৭), ওবায়দুল হক নাসির (টাঙ্গাইল-৩), এছাড়াও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।