দৌলতপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় শুটার গান ও গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে।

আটক যুবকের নাম আজিজুল ইসলাম (৩০)। তিনি দৌলতপুর থানার ইসলামপুর গ্রামের বাসিন্দা এবং তায়েজ উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, রোববার (১ ফেব্রুয়ারি) ভোররাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন বাগোয়ান বেস ক্যাম্পের একটি টহল দল দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আজিজুল ইসলামকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং একটি দেশীয় শুটার গান উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র আরও জানায়, আটক আসামি ও উদ্ধার করা আগ্নেয়াস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৌলতপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে তিনটি প্লাটুন বিজিবি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আটক যুবককে রাতেই থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

উল্লেখ্য, গেল জানুয়ারি মাসে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিজিবি, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে মোট সাতটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড গুলি, ১০টি ম্যাগাজিন ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। এর মধ্যে বিজিবি এককভাবে চারটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং আটটি ম্যাগাজিন উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *