আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের বড় একটি অংশ ইতোমধ্যে দেশে পৌঁছেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৭৯৮টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
রোববার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, রোববার বেলা ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসী ভোটারদের কাছে পৌঁছেছে।
এর মধ্যে ৫ লাখ ২০ হাজার ৫০১ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬১ হাজার ৬০৪ জন। পাশাপাশি ৪ লাখ ১৫ হাজার ৭৬২ জন প্রবাসী ভোটার ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন।
প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে অবস্থানরত ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। আইসিপিভি (দেশের অভ্যন্তরে পোস্টাল ভোট) পদ্ধতিতে সারা দেশের ৫ লাখ ৮০ হাজার ৯৬৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, রোববার বেলা ১১টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ২৪ হাজার ৯১ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ১৭ হাজার ৫৩ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং ৯ হাজার ৮৪৩ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা বলছেন, পোস্টাল ভোট ব্যবস্থার মাধ্যমে প্রবাসী ও দেশের ভেতরে অবস্থানরত ভোটারদের অংশগ্রহণ বাড়ছে, যা নির্বাচন ও গণভোটে ভোটার উপস্থিতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।