৪৮তম বিশেষ বিসিএস: স্বাস্থ্য ক্যাডারে যোগ দিলেন ৩,২৬৩ নতুন চিকিৎসক

৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক  আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেছেন। তাঁদের মধ্যে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে যোগ দেন।

যোগদান উপলক্ষে রাজধানীর শাহবাগে শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক চিকিৎসক নিয়োগ একটি যুগান্তকারী ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পদ সৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে আজ চিকিৎসকদের চাকরিতে যোগদান নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই নতুন চিকিৎসকদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডা. সায়েদুর রহমান আরও বলেন, পদায়নের ক্ষেত্রে নবনিযুক্ত চিকিৎসকদের মেধা ও মানবিকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। দম্পতি চিকিৎসকদের একই কর্মস্থলে পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি কারও দুরারোগ্য ব্যাধি থাকলে তা বিশেষ বিবেচনায় নেওয়া হবে। সার্বিকভাবে মেধাভিত্তিক পদায়নের পাশাপাশি মানবিক দিকটিও গুরুত্ব পাবে।

তিনি বলেন, এই ৩ হাজার ২৬৩ জন তরুণ চিকিৎসক ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন এবং একই নীতিতে তাঁদের পদায়ন করা হবে। তাঁদের যোগদানের ফলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *