তথ্য ও সম্প্রচার, পরিবেশ, জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)কে দেশের ১৮ কোটি মানুষের চ্যানেল হিসেবে গড়ে তুলতে হবে। বিটিভির প্রতি মানুষের প্রত্যাশা অনেক। সেই জনপ্রত্যাশা ও সময়ের চাহিদা অনুযায়ী বিটিভির সব কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হবে।
বুধবার ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, বিটিভি শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়; এটি দেশের ইতিহাসের সাক্ষী এবং ঐতিহ্যের ধারক ও বাহক। বিটিভি আমাদের জাতীয় সম্পদ। এটিকে নতুন করে গড়ে তুলতে হবে এবং আরও জনবান্ধব ও সময়োপযোগী করতে হবে।
আসন্ন নির্বাচন ও গণভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ সময় বিটিভিকে সব রাজনৈতিক দলের প্রতি সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না।
তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ গণমাধ্যম বাজারে টিকে থাকতে হলে বিটিভির আধুনিকায়ন জরুরি। মানুষের পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনায় আরও সৃজনশীল হতে হবে। চ্যানেলের গতি বাড়াতে চাহিদার ভিত্তিতে শূন্য পদ পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বাজেটের সর্বোত্তম ব্যবহার এবং বার্ষিক ক্রয় পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি। বিটিভির সব স্তরের কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার আহ্বানও জানান উপদেষ্টা।
বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, সময়ের চাহিদা অনুযায়ী বিটিভিতে একটি সোশ্যাল মিডিয়া উইং চালু করা প্রয়োজন। এই উইংয়ের জন্য নিয়মিত জনবলের পাশাপাশি চুক্তিভিত্তিতে তরুণদের যুক্ত করার সুযোগ রাখা দরকার, যাতে সময়োপযোগী কনটেন্ট তৈরি করা যায়।
মতবিনিময় সভায় বিটিভি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভা শেষে উপদেষ্টা বিটিভির নিউজরুম, স্টুডিও, কন্ট্রোল প্যানেল ও লাইব্রেরি ঘুরে দেখেন।