বিরল খনিজের দাম কমায় চীনের শেয়ারবাজারে বড় ধাক্কা

বিশ্ববাজারে বিরল খনিজের দাম কমতে শুরু করায় চীনের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। শুক্রবার থেকে বিরল খনিজের মূল্য হ্রাস পাওয়ার ধারাবাহিকতায় সোমবার চীনের প্রধান তিনটি শেয়ার সূচকই উল্লেখযোগ্যভাবে কমেছে।

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-এর বাজার বিশ্লেষক টিমোথি পোপ জানান, বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে বাজারে বিক্রির চাপ বেড়েছে। এর ফলে দিনের লেনদেনে সূচকগুলো বড় ধরনের পতনের মুখে পড়ে।

তথ্য অনুযায়ী, শাংহাই কম্পোজিট সূচক ২ দশমিক ৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৫ দশমিক ৭৫ পয়েন্টে। একই সঙ্গে শেনচেন কম্পোনেন্ট সূচক ২ দশমিক ৬৯ শতাংশ কমে নেমে এসেছে ১৩ হাজার ৮২৪ দশমিক ৩৫ পয়েন্টে। প্রযুক্তিনির্ভর কোম্পানিগুলোর সূচক চিনেক্সটও ২ দশমিক ৪৬ শতাংশ কমে ৩ হাজার ২৬৪ দশমিক ১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক শিল্প ও প্রযুক্তি খাতে বিরল খনিজের চাহিদা ও দামের ওঠানামা সরাসরি শেয়ারবাজারে প্রভাব ফেলে। সাম্প্রতিক মূল্যপতন ভবিষ্যৎ আয় নিয়ে অনিশ্চয়তা তৈরি করায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। এর প্রভাব শুধু চীন নয়, বিশ্বের অন্যান্য বাজারেও ধীরে ধীরে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *