বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে ৬ বাংলাদেশি আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছয়জন বাংলাদেশি যুবককে আটক করেছে। মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি ) ভোরে বুড়িমারী সীমান্তের মাস্টারের ডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আটক যুবকরা গরু আনতে অথবা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিকভাবে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—পাটগ্রাম উপজেলার বাসিন্দা মো. শাহিন (২৪), আসাদুল (২৬) এবং সাইদুল (২৩)। বাকি তিনজনের পূর্ণাঙ্গ পরিচয় যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আটককৃতদের দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা ব্যাটালিয়নের ৬১ বিজিবি।

সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *