ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নবনিয়োগপ্রাপ্ত অফিস সহায়কদের নাগরিক সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারি দায়িত্ব কোনো সুযোগ নয়, এটি একটি আমানত—যা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
আজ ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে নবনিয়োগপ্রাপ্ত অফিস সহায়কগণের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সাঈদ।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আইসিটি বিভাগের নতুন নিয়োগপ্রাপ্তদের মূল দায়িত্ব হলো জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া। এই কাজ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে করতে হবে। তিনি জানান, প্রায় ৯৭ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় ৪৯৭ জন অফিস সহায়ক নিয়োগ দেওয়া হয়েছে, যা একটি বিশ্বাসযোগ্য নিয়োগ ব্যবস্থার উদাহরণ।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ের ডিওআইসিটি অফিসগুলোই স্থানীয় মানুষের কাছে সরকারের ডিজিটাল রূপান্তরের বাস্তব চিত্র। তাই অনলাইন সেবা, নিবন্ধন, তথ্যপ্রযুক্তি সহায়তা ও সাইবার নিরাপত্তা বিষয়ে নাগরিকদের সহযোগিতা করতে হবে। ইতোমধ্যে উপজেলা কার্যালয়গুলোতে ল্যাব সুবিধা, প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে বলেও তিনি জানান।
বিশেষ সহকারী বলেন, মাঠপর্যায়ে অন্যান্য সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়, আইটি সাপোর্ট প্রদান এবং স্থানীয় উদ্যোক্তা ও নাগরিক সেবায় সহায়তা করা আইসিটি বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি নবনিয়োগপ্রাপ্তদের নিজ উদ্যোগে আইটি দক্ষতা বাড়ানো ও প্রশিক্ষণ গ্রহণেরও আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, দক্ষ, সৎ ও দায়িত্বশীল জনবল গড়ে উঠলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সরকারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি নবযোগদানকারীদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহাপরিচালক মো. আবু সাঈদ অধিদপ্তরের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সততা ও দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে ৪৯৭ জন অফিস সহায়ক নিয়োগ দেওয়া হয়েছে, যারা সারাদেশে ডিজিটাল সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।