আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সতর্ক করে বলেন, নির্বাচন চলাকালে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে ‘Electoral Management Exercise’ শীর্ষক ভোটের মহড়া শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি জানান, ভোটের মহড়ায় ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি, ড্রোন এবং ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ ২০২৬’-এর ব্যবহার দেখানো হয়েছে। এবারের নির্বাচন পরিচালনায় সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সততা, দক্ষতা ও আন্তরিকতা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের ভোটকেন্দ্রে না যাওয়ার প্রচারণা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বেশিরভাগ নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়েছে। দেশে তাদের গুটিকয়েক সমর্থক রয়েছে। বিদেশে বসে চালানো এ ধরনের প্রচারণায় জনগণের সাড়া মিলবে না। সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নেতিবাচক প্রচারণায় কান না দিয়ে স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সবার অংশগ্রহণে এবারের নির্বাচন হবে সবচেয়ে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর, কারণ বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি।
ভোটের মহড়ায় একটি ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার সব ধাপ প্রদর্শন করা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলমসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান এবং বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।