র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তন করে নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (Special Intervention Force—SIF) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারী) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই ঘোষণা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাব পুনর্গঠন নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ (অব.)–এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি র্যাবের নাম পরিবর্তন করে ‘Special Intervention Force (SIF)’ করার সুপারিশ করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেই সুপারিশ অনুমোদন দিয়েছেন।
তিনি বলেন, খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারি হলে বাহিনীটি নতুন নাম ও নতুন উদ্দীপনা নিয়ে কাজ শুরু করবে। একই সঙ্গে এসআইএফের পোশাকও পরিবর্তন করা হবে। তবে শুধু নাম ও পোশাক নয়, বাহিনীর কার্যক্রমেও সংস্কার আনা হবে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে আসন্ন নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও ভূমিকা তুলে ধরতে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে একটি ‘Electoral Management Exercise’ আয়োজন করা হয়েছে। এই মহড়ার মাধ্যমে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে জনগণ স্পষ্ট ধারণা পাবে।
এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী হায়দার সিদ্দিকী জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকে সশস্ত্র বাহিনী ১৯৯টি অস্ত্র ও ১ হাজার ৯৭২টি গোলাবারুদ উদ্ধার করেছে এবং ১ হাজার ৮০৭ জনকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সারাদেশে সশস্ত্র বাহিনীর ১ লাখ ৬ হাজার ২২৩ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ ও র্যাবের হারিয়ে যাওয়া অস্ত্রের মধ্যে ৪ হাজার ৪৩২টি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কারা কর্তৃপক্ষের হারানো ৬৫টি অস্ত্র, লাইসেন্সকৃত ৩২৮টি অস্ত্র এবং অন্যান্য ২ হাজার ৯০৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মোট উদ্ধারকৃত অস্ত্রের সংখ্যা ৭ হাজার ৭৩১টি।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।