নোয়াখালীর চেয়ারম্যানঘাট–হাতিয়া ফেরি সার্ভিসে অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ঘটনার সত্যতা যাচাই, দায়-দায়িত্ব নির্ধারণ, ফেরির সময়সূচি ব্যবস্থাপনা পর্যালোচনা এবং ভবিষ্যতে ফেরি সার্ভিস সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে করপোরেশনের চেয়ারম্যানের কাছে একটি সুস্পষ্ট প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
করপোরেশন কর্তৃপক্ষ আরও জানায়, নতুন এই ফেরি সার্ভিস পরিচালনায় কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি সকালে মিডিয়াম রো-রো ফেরি ‘মহানন্দা’ সকাল ৮টা ২০ মিনিটে নোয়াখালীর চেয়ারম্যানঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। ফেরিটি সকাল ১০টার পর হাতিয়া ঘাটে পৌঁছায়। অভিযোগ রয়েছে, হাতিয়ায় পৌঁছানোর পর ইঞ্জিন মাস্টার যাত্রী নামিয়ে কোনো যানবাহন লোড না করেই ফেরিটি ঘাট থেকে সরিয়ে নেন।
পরবর্তীতে ফেরিটি রাত পৌনে ১২টায় আবার ঘাটে ফিরে আসে এবং রাত ১২টা ২০ মিনিটে ফেরি ছেড়ে যায়। এ ঘটনায় ফেরি পরিচালনা, সময় ব্যবস্থাপনা এবং যাত্রী ও যানবাহন পরিবহনে চরম অব্যবস্থাপনার অভিযোগ ওঠে।
ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নৌপরিবহন উপদেষ্টার নজরে আসে। এরপরই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় যাত্রী ও যানবাহন চালকদের অভিযোগ, এ ধরনের দায়িত্বহীনতা ফেরি সার্ভিসের ওপর মানুষের আস্থা নষ্ট করছে। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।