ভোটকেন্দ্র থেকে প্রার্থী —সব তথ্য এক অ্যাপে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘Smart Election Management BD’ নামে একটি নতুন অ্যাপ চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সাধারণ ভোটারদের জন্য নির্বাচনসংক্রান্ত তথ্য সহজ ও দ্রুতভাবে পৌঁছে দিতেই এই অ্যাপ চালু করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর—উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে। ভোটাররা এই অ্যাপের মাধ্যমে নিজেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে সহজেই ভোটকেন্দ্র খুঁজে নিতে পারবেন।

অ্যাপটিতে ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভোটকেন্দ্রের সঠিক অবস্থান (জিও লোকেশন), কেন্দ্রের ছবি, নিজের অবস্থান থেকে দূরত্ব এবং ম্যাপে কেন্দ্রটি দেখার সুবিধা। ফলে ভোটের দিন ভোটারদের কেন্দ্র খুঁজে পেতে আর ভোগান্তিতে পড়তে হবে না বলে আশা করা হচ্ছে।

এছাড়া ‘Smart Election Management BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিস্তারিত পরিচয় এবং তাঁদের দাখিল করা হলফনামা দেখা যাবে। নির্বাচন শেষ হলে এই অ্যাপ থেকেই ফলাফলসহ বিভিন্ন নির্বাচন-সংশ্লিষ্ট তথ্য জানা যাবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ইসি আশা করছে, এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং ভোটারদের অংশগ্রহণ আরও সহজ ও তথ্যভিত্তিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *