পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আইন প্রয়োগের মাধ্যমে একদিন হর্নমুক্ত বাংলাদেশ পাওয়া সম্ভব। তিনি জানান, সরকার ইতোমধ্যে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য বিধিমালা প্রণয়ন করেছে, এখন তা সঠিকভাবে প্রয়োগ করতে হবে।
মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারী) হাইকোর্ট মাজার চত্বরে ‘ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি’ বাস্তবায়নে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, বিধিমালায় সকল উৎস থেকে শব্দ দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে। হর্নের ব্যবহার নিয়ন্ত্রণের মাধ্যমে এটি কার্যকর করা শুরু হচ্ছে। বাংলাদেশ পুলিশকে সরাসরি জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে আইন অনুযায়ী শাস্তি কার্যকর করতে শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, ধীরে ধীরে মানুষের অভ্যাস পরিবর্তিত হবে।
উপদেষ্টা পুলিশ কর্তৃপক্ষকে আগামী ছয় মাসের জন্য নীরব এলাকা ঘোষিত স্থানে কার্যকরী কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন। তিনি সহযোগিতার জন্য পরিবেশ অধিদপ্তর, ডিএমপি, বিআরটিএ ও ডিএসসিসির কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সারোয়ার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিসুর রহমান ও শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক ফরিদ আহমেদ।