রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদরদপ্তরে ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান ২০২৬’ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী কোস্ট গার্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব পালন নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কেউ কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা আরও বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সরকারের শৈথিল্য থাকবে না। দায়িত্ব এড়িয়ে চলা বা নীতি-বিরুদ্ধ আচরণকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে।
তিনি কোস্ট গার্ডের অবদানের প্রশংসা করে বলেন, উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান ও মানবপাচার দমন, জলদস্যুতা প্রতিরোধ এবং দুর্ঘটনাজনিত উদ্ধার কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে বাহিনীটি। প্রাকৃতিক দুর্যোগে, রোহিঙ্গা সংকট ও ত্রাণ বিতরণে তাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপদেষ্টা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৫৮৫ জন কোস্ট গার্ড সদস্য এবং বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন দায়িত্বে নিয়োজিত।
অনুষ্ঠানে দায়িত্ব পালন ও অবদানের স্বীকৃতিস্বরূপ ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।