বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, বিএনপি এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায় যেখানে নেতার আগে জনতা এবং সবার আগে বাংলাদেশ। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
৪ ফেব্রুয়ারি (বুধবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, ভেদাভেদের আগে সমতা এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। নগরবাসী ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের সমস্যা আছে, আমাদের সবারই সমস্যা আছে। কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে এসব সমস্যার সমাধান করা সম্ভব।”
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন নতুন করে গৌরবের পথে এগিয়ে যাওয়ার সময়। “আমরা বিশ্বাস করি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।”
ডা. জুবাইদা রহমান জানান, বিএনপি শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং ন্যায়ভিত্তিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, “শোষণের আগে অধিকার—এই নীতিতেই আমরা বিশ্বাস করি।”
মতবিনিময় সভায় উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজকের উপস্থিতি প্রমাণ করে জনগণ একসঙ্গে আছে। মানুষ তাদের সময় দিয়ে এসেছে, কথা শুনেছে এবং নিজেদের সমস্যার কথা জানিয়েছে। এসব বিষয় আরও গুরুত্ব দিয়ে শোনা ও জানার প্রতিশ্রুতিও দেন তিনি।
তারেক রহমানের স্ত্রী আরও বলেন, জনগণের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কীভাবে সমস্যা সমাধান করে একটি সুন্দর, সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়া যায়—সেই লক্ষ্যেই বিএনপি কাজ করছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামসহ দলটির অন্যান্য নেতারা।