বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে নতুন বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি ফরিদপুর অঞ্চল ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। শুষ্ক মৌসুমে পানির সংকট দূর করতেই এই উদ্যোগ নেওয়া হবে বলে জানান বিএনপি চেয়ারম্যান।
৪ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে ফরিদপুরে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো বড় উন্নয়ন কাজ সম্ভব নয়। তবে জনগণের সমর্থন পেলে বিএনপি যেকোনো বড় প্রকল্প বাস্তবায়নে সক্ষম হবে।
ফরিদপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, আধুনিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে এই অঞ্চলকে এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে কৃষি ও শিল্প—দুই খাতের বিকাশ ঘটিয়ে স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।
নারীদের ভূমিকার বিষয়টি তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। তাই বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক গৃহিণীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে বরিশালের সমাবেশ শেষ করে দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে ফরিদপুর স্টেডিয়ামে পৌঁছান তারেক রহমান। পরে বিকেল ৩টার দিকে তিনি জনসভায় যোগ দেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এটিই তারেক রহমানের প্রথম ফরিদপুর সফর। দলীয় প্রধানের আগমনকে ঘিরে ফরিদপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে সমবেত হন।