প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়—এটি ১৪ জন শহীদ এবং বিগত দিনের গুম, খুন ও নির্যাতনের জবাব দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের পেছনে বহু রক্ত ঝরেছে। অনেক স্ত্রী স্বামী হারিয়েছেন, অনেক মা সন্তান হারিয়েছেন। তাই প্রশাসন যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে আবারও একটি ৫ আগস্টের পুনরাবৃত্তি হতে পারে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, বিগত তিনটি নির্বাচনে পুলিশ ও প্রশাসনকে সামনে রেখে দিনের ভোট রাতে হয়েছে। এমনকি মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছে। এসব ঘটনারই ফল হিসেবে ৫ আগস্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসনের ভেতরে অনেক দেশপ্রেমিক কর্মকর্তা আছেন, যারা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেখতে চান। কিন্তু কিছু লোভী ব্যক্তি—বেনজীর, হারুন ও বিপ্লবের মতো চরিত্র—আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে পুলিশ ও প্রশাসনকে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশ ভোট চোরদের হাতে তুলে দেওয়া হবে, নাকি জনগণের হাতে তুলে দেওয়া হবে—এই সিদ্ধান্ত প্রশাসনকেও নিতে হবে।

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *