‘সৎ নেতৃত্ব ছাড়া উন্নয়ন নয়’—টাঙ্গাইলে জামায়াত আমির

শাকিলুজ্জামান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বুধবার (৪ঠা ফেব্রুয়ারী) টাঙ্গাইল সদরে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিয়েছেন। জনসভায় দলের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

বক্তৃতায় ডা. শফিকুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং ভোটাধিকার নিয়ে কথা বলেন। তিনি বলেন, দেশ দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির মধ্য দিয়ে যাচ্ছে। জনগণ এখন পরিবর্তন চায়। ন্যায়ভিত্তিক ও সৎ নেতৃত্ব ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভয়ভীতি বা প্রলোভনের প্রভাব ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই রাজনীতি মানুষের জান-মাল, সম্মান ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে। বিভাজন ও সহিংসতার রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ ও গঠনমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জনসভায় তিনি টাঙ্গাইল জেলার বিভিন্ন আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। প্রার্থীরা হলেন— টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী): ডা. আব্দুল্লাহেল কাফি,
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর): হুমায়ূন কবীর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল): সাইফুল্লাহ হায়দার (এনসিপি), টাঙ্গাইল-৪ (কালিহাতী): প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর): আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর): ডা. এ কে এম আব্দুল হামিদ, টাঙ্গাইল-৭ (মির্জাপুর): অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর): মাওলানা শফিকুল ইসলাম খান।

প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, প্রতিটি আসনে জনগণের আস্থা অর্জনের জন্য সৎ ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।

জনসভা শেষে তিনি টাঙ্গাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *