গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরিকদের জন্য সঠিক, নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য নিশ্চিত করতে বিশেষ তথ্যসেবা চালু করেছে জাতীয় হেল্পলাইন ৩৩৩। বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এবং এটুআইয়ের উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করা। দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি নম্বর ৩৩৩-এ কল করে ৯ চাপলে নাগরিকরা সহজেই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পেতে পারবেন।
এই সেবার মাধ্যমে ভোটাররা ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি এবং প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার নিয়ম জানতে পারবেন। পাশাপাশি প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা, জরুরি নির্দেশনা এবং প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কেও তথ্য দেওয়া হচ্ছে।
এছাড়া নির্বাচন কমিশনের নির্ধারিত ‘Smart Election Management BD’ ও ‘Postal Vote BD’ অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত দিকনির্দেশনা মিলবে এই হেল্পলাইন থেকে।
গত ১৬ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে (পাইলট) চালু হওয়া এই বিশেষ তথ্যসেবার মাধ্যমে ইতোমধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক নির্বাচন সংক্রান্ত তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন।
একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য গ্রহণ, সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানাতে সহায়ক মাধ্যম হিসেবেও ৩৩৩-এর ৯ নম্বর ব্যবহারের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। তবে এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে না। বরং একটি ‘Information Intake, Early Warning & Forwarding System’ হিসেবে কাজ করে প্রয়োজন অনুযায়ী তথ্য ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
সংশ্লিষ্টদের আশা, জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর এই বিশেষ তথ্যসেবা নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তি, গুজব ও ভুল তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।