বাহরাইনে আবার খুলছে শ্রমবাজার?

বাহরাইন, ৭ অক্টোবর ২০২৫ |
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বাহরাইনের তিন মন্ত্রীর সঙ্গে পৃথক তিনটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকগুলো অনুষ্ঠিত হয় ৭ অক্টোবর (মঙ্গলবার) বাহরাইনে।

বৈঠকগুলিতে উপস্থিত ছিলেন বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রী শেখ রাশীদ বিন আব্দুল্লাহ আল খালিফা, শ্রম ও আইন মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফ এবং বিচার ও ধর্ম মন্ত্রী নাওয়াফ বিন মুহাম্মদ আল মাওয়াদ্দা।

আলোচনার শুরুতে ড. আসিফ নজরুল বাংলাদেশ ও বাহরাইনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি দুই দেশের মধ্যে শ্রমবাজার, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন পারস্পরিক সহযোগিতার দিক নিয়ে মতবিনিময় করেন।

বিশেষভাবে তিনি বাহরাইনে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু করার আহ্বান জানান এবং বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স, শিক্ষক, কেয়ারগিভার, আইটি বিশেষজ্ঞ ও মেডিক্যাল টেকনিশিয়ানসহ দক্ষ জনশক্তি নিয়োগের প্রস্তাব দেন। পাশাপাশি তিনি দ্রুত ফ্যামিলি ভিসা চালু করারও অনুরোধ জানান।

বাহরাইনের সংশ্লিষ্ট মন্ত্রীরা ড. আসিফ নজরুলকে সফরের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তারা সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

বৈঠকগুলোতে আরও উপস্থিত ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি, এবং বাহরাইনের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *