আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। আজ রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তিনি অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় সেনাপ্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা মহানগরসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্যের ওপর বিশেষ গুরুত্ব দেন। একই সঙ্গে তিনি নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সভা শেষে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এই পরিদর্শনে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; সেনাসদর, ঢাকা ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি ঢাকার বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত সব সংস্থার মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক ও আন্তঃবাহিনী সমন্বয় জোরদার করতে সেনাবাহিনী প্রধান গত ২২ জানুয়ারি ২০২৬ থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভার এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগ ও জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করে আসছেন।