তিন দিনব্যাপী ২৪তম স্কয়ার গলফ টুর্নামেন্ট ২০২৬ ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ কোর্সে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়েছে।
এই টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি ও বিদেশি সদস্যসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের মোট ৭৫৫ জন গলফার বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন। প্রতিযোগিতার পুরো সময়জুড়ে গলফপ্রেমীদের উপস্থিতিতে কুর্মিটোলা গলফ কোর্স ছিল প্রাণবন্ত।
শুক্রবার (৬ই ফেব্রুয়ারী) রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি। পাশাপাশি টুর্নামেন্টের স্পন্সর স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান, কুর্মিটোলা গলফ ক্লাব ও স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন গ্যাঞ্জোরিগ টুভশিনটুগস। রানার-আপ হন রইস উদ্দিন সিদ্দিক। লেডিস ক্যাটাগরিতে বিজয়ী হন মিসেস লি-হোয়া কিয়ং।
আয়োজকরা জানান, সফল ও সুশৃঙ্খল আয়োজনের মাধ্যমে এবারের টুর্নামেন্ট গলফপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক মানের গলফ টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।