লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় একাধিক অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. তুহিন ইসলাম (৩০), মো. সাদেকুল ইসলাম শাওন (৩৬), মো. শিমুল মিয়া (২৮) এবং মো. হাবিবুর রহমান (২৭)। তারা সবাই আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ডিবির একটি আভিযানিক দল প্রথমে হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ক্যাম্পের চেকপোস্ট এলাকা থেকে মো. তুহিন ইসলাম ও মো. সাদেকুল ইসলাম শাওনকে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে কালীগঞ্জ থানায় অভিযান চালানো হয়। কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে মো. শিমুল মিয়াকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়ি থেকে একটি পুরাতন লাল-কালো রঙের ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এরপর একই থানার চন্দ্রপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লতাবর গ্রামে অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়ি থেকে একটি কালো-সিলভার রঙের হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলটিরও কোনো নাম্বার প্লেট ছিল না।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করত। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো চোরাই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহ আনিস আরাফাত রাজিন
পাটগ্রাম ,(লালমনিরহাট) প্রতিনিধি