কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। একই ঘটনায় তাদের আরেক সহপাঠী গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলো—দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪) এবং আমিনুল ইসলামের ছেলে সাহাবী (১৪)। আহত শিক্ষার্থী একই এলাকার জিয়ার আলীর ছেলে সাইফ আলী (১৪)। তারা তিনজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে দৌলতখালী মাদরাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে হাজীপাড়া এলাকায় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত আলী ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত আরেক শিক্ষার্থী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা কিশোর বয়সে মোটরসাইকেল চালানোর ঝুঁকি এবং সড়ক নিরাপত্তা বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

ফরিদ আহমেদ
দৌলতপুর, (কুষ্টিয়া) প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *