মাগুরার শ্রীপুরে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ টহলে জেলা প্রশাসক

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীসহ যৌথ টহল কার্যক্রমে অংশ নিয়েছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) তিনি সরেজমিনে গিয়ে নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।

টহলকালে জেলা প্রশাসক বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে ঘিরে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরায় মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক, জেলা আনসার কমান্ড্যান্ট, শ্রীপুর সেনা ক্যাম্পের কমান্ডার, মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, এসি ল্যান্ড (শ্রীপুর, মাগুরা)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ও গণভোট ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *