মাগুরা-২ আসনে জামায়াত সমর্থিত প্রার্থীর পক্ষে কম্বল বিতরণ, আটক ৫

মাগুরা-২ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী এমবি বাকরের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে পাঁচ নেতাকর্মীকে আটক করেছে প্রশাসন। অনুমতি ছাড়া সরকারি হাসপাতালে গিয়ে ভোট চাওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

ঘটনাটি ঘটে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে সেখানে চিকিৎসাধীন রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন—হুসাইন আহম্মেদ কাবুল (মহম্মদপুর সদর ইউনিয়নের আমীর), মুকুল (মহম্মদপুর সদর ৬ নম্বর ওয়ার্ড সভাপতি), ওবায়দুল্লাহ বীন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনুর জামান বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে আদালতের মাধ্যমে তারা মুক্তি পাবেন।”

এদিকে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এ ধরনের রাজনৈতিক কার্যক্রম নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *