বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তারিখে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্ক এবং ভবিষ্যতে সেই সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায় আলোচনায়।
এসময় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষ প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে নিরাপদ, টেকসই ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনও আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উঠে আসে।
সাক্ষাৎ শেষে প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হিসেবে মাইকেল মিলারের দায়িত্ব পালনে শুভেচ্ছা জানান এবং তার সার্বিক সাফল্য কামনা করেন।