বাংলাদেশের আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে আন্তর্জাতিক পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ২৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (ANFREL)-এর নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস একটি সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে স্বাধীন ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমে ANFREL-কে সহায়তা দেবে অস্ট্রেলিয়া। এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়বে এবং রাজনৈতিক ও নাগরিক পরিসর সম্পর্কে গভীর ধারণা তৈরি হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। বিশেষ করে নারী, তরুণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণ পর্যবেক্ষণের বিষয়টি গুরুত্ব পাবে।
অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক পারস্পরিক সম্মান ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই সহযোগিতা সেই সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে সহায়ক হবে।
উল্লেখ্য, এই উদ্যোগ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পরিচালিত ব্যালট (BALLOT) প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অস্ট্রেলিয়ার চলমান সহায়তার পরিপূরক হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল দেশটি।