টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভাবনদত্ত স্কুল মাঠ প্রাঙ্গণে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী লুৎফর রহমান খান আজাদের উঠান বৈঠক এক পর্যায়ে বিশাল জনসভায় রূপ নিয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ) অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।
মোটরসাইকেল প্রতীকের সমর্থনে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। ব্যাপক জনসমাগমে সভাস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। জনতার এমন ভালোবাসা ও সমর্থনে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ।
বক্তব্যে তিনি বলেন, একটি সাধারণ উঠান বৈঠকের উদ্দেশ্যেই তিনি এখানে এসেছিলেন। কিন্তু ঘাটাইলবাসীর অকৃত্রিম ভালোবাসা ও বিপুল উপস্থিতির কারণে সেটি আজ বিশাল জনসভায় রূপ নিয়েছে। তিনি ঘাটাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনারাই আমাকে চার চারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের এই ভালোবাসা ও আস্থার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না।”
তিনি স্মৃতিচারণ করে বলেন, মাত্র ৩০ বছর বয়সে প্রথম ঘাটাইলে এসে মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তার বয়স ৭১ বছর হলেও ঘাটাইলবাসীর প্রতি তার ভালোবাসা ও দায়বদ্ধতা আগের মতোই অটুট রয়েছে। তিনি বলেন, জীবনের বড় একটি সময় তিনি ঘাটাইলেই কাটিয়েছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই এলাকার মানুষের সেবা করে যেতে চান। এমনকি তার মৃত্যুও যেন এই মাটিতেই হয়—এমন প্রত্যাশার কথাও তিনি ব্যক্ত করেন।
বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী থাকাকালে প্রতিবারই তাকে মন্ত্রিত্বের দায়িত্ব দিয়েছিলেন। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিন ধানের শীষের প্রতীকের জন্য কাজ করলেও এবার সেই প্রতীক তাকে না দিয়ে অন্য একজনকে দেওয়া হয়েছে, যা তাকে ব্যথিত করেছে।
লুৎফর রহমান খান আজাদ ঘাটাইলবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন।
এ সময় সভায় ঘাটাইল উপজেলা ও দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। পরিশেষে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঘাটাইলের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে উঠান বৈঠক নামের এই বিশাল জনসভার সমাপ্তি ঘোষণা করেন।
শাকিলুজ্জামান
টাঙ্গাইল প্রতিনিধি