মরক্কোর পঞ্চম মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতা বাড়াতে আলোচনা

মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা ৪ ফেব্রুয়ারি (বুধবার)  মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত পঞ্চম মোহাম্মদ  বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ রাচির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

বৈঠকে মরক্কোর প্রথম আধুনিক সরকারি বিশ্ববিদ্যালয় পঞ্চম মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ একাডেমিক ঐতিহ্য ও ভূমিকা নিয়ে আলোচনা হয়। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় দেশটির উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

আলোচনায় মরক্কোর নতুন উচ্চশিক্ষা আইন নিয়েও মতবিনিময় হয়। নতুন এই আইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, গবেষণার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে কথা বলেন দুই পক্ষ।

রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা বলেন, শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা কেবল জ্ঞান বিনিময়ের মাধ্যম নয়, এটি কূটনীতিরও একটি শক্তিশালী স্তম্ভ। শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও মরক্কোর জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে।

বৈঠকে দুই দেশ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় কর্মসূচি এবং ভবিষ্যতে সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

কূটনৈতিক সূত্র জানায়, এই বৈঠক বাংলাদেশ ও মরক্কোর মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও জনগণ-থেকে-জনগণের সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনার পথ খুলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *